Tritiopokhkho

ছাত্র আন্দোলন -২০০৮

মুল তথ্যসূত্রঃ- fading-hope BLOG

জুলাই

১৫ই জুলাই

বন, জার্মানির, ছাত্র ছাত্রীরা প্রতিরোধ গড়ে তুলছে বিশ্ববিদ্যালয় থেকে স্লাভ বিদ্যা তুলে দেবার বিরুদ্ধ্বে। তারা ৮০০-রও বেশি সই সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে দর্শন বিভাগের অধ্যক্ষ জানিয়েছেন যে তাদের কুড়ি লক্ষ্য ইউরো ব্যয়সংকোচন করতে হচ্ছে আর সেই কারণেই এই পদক্ষেপ নিতে তারা বাধ্য হয়েছেন।

সূত্রঃ- General-Anzeiger-Bonn.De

১৫ই জুলাই

চিলির গণবিরোধি শিক্ষা ব্যবস্থার ওপর এক ছাত্রী আক্ষরিক অর্থেই ঠান্ডা জল ঢেলে দিল এদিন। ১৪ বছর বয়সী এই স্কুল ছাত্রী এক কলসি ঠান্ডা জল ছুঁড়ে মারল শিক্ষামন্ত্রী মোনিকা জিমেনেযের মুখে। মন্ত্রী তখন চিলির শিক্ষা ব্যবস্থা “সংস্কারের” বিষয়ে বক্তব্য রাখছিলেন। শিক্ষক থেকে ছাত্রসমাজ সকলেরই মতামত যে এই শিক্ষা ব্যাবস্থা সরকারের আর্থিক সহযোগিতার অভাবে ভুগছে।

সূত্রঃ- Tiscali.Co.UK

৮ই জুলাই

শয়ে শয়ে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা পুলিশের জলকামান আর কাঁদানে গ্যাসের সাঁড়াশি আক্রমণের মুখে অবিচল থেকে জানিয়ে দিলেন যে বর্তমান সরকারের শিক্ষা বিল চিলির খেটে খাওয়া মানুষ আর শিক্ষামহল মেনে নেবে না।

এদিন পুলিশ প্রায় ১৫০ আন্দোলনকারী কে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৮২ জনই যুবা। আন্দোলনকারীরা পুলিশের কাঁদানে গ্যাস আর জলকামানের আক্রমণের মুখে এলোপাথারি পাথর ছুঁড়তে থাকেন পুলিশ কে লক্ষ করে। এর ফলে দুজন পুলিশ অফিসার আহত হয়েছেন।

চিলির শিক্ষা ব্যবস্থা আজ বেসরকারীকরণের কবলে পড়েছে। উপস্থিত শিক্ষা বিলের বিরুদ্ধে লড়াকু ছাত্ররা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন যে এই বিল শিক্ষার বেসরকারীকরণ কে বন্ধ করার ব্যবস্থা তো করবেই না, উপরন্তু দরিদ্রকে ঠেলে দেবে নিম্ন পরিকাঠামো্র শিক্ষা সংস্থানের জঠরে। ইতিহাসের শিক্ষক লুই ভিনসেন্ট লড়াইএর ময়দান থেকে জানিয়েছেন যে, “আমরা এই শিক্ষা বিলের বিরোধিতা করছি কারণ এই বিল ছাত্র-শিক্ষকের দাবী সমুহকে সম্পুর্ণ উপেক্ষা করে।”

তিনি আরও বলেন যে “রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে উপযুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যাতে দেশের দরিদ্রতম শিশুটিও বিনামূল্যে যথাযোগ্য শিক্ষার সুযোগ পেতে সক্ষম হয়। এই বিল এই দায়িত্বের পরিপন্থী।”

ভিনসেন্ট যখন দৃপ্তকণ্ঠে এই কথা গুলি বলছেন তখন তার পাশেই, শহরের অন্যতম প্রধান রাস্তা আলমাডার বুকে, এক আন্দোলনকারীর চিকিৎসা চলছে। পুলিশের জলকামানের আঘাত তার মস্তিষ্কে ক্ষত তৈরি করেছে।

“আমরা প্রতিরোধ তীব্রতর করব আগামী দিন গুলি তে,” জানালেন চিলির বৃহত্তম ছাতা শ্রমিক সংগঠন CUT এর নেতা আরতুরো মার্তিনেজ। এই সংগঠন এই আন্দোলনে সহযোগি রুপে যোগদান করেছে। মার্তিনেজ আরও জানালেন যে তার সংগঠন এই আন্দোলন কে তীব্রতর করার জন্য দুইদিন ব্যাপি ধর্মঘট সংগঠিত করবে যদিও তিনি কোনও তারিখ নির্দিষ্ট করেননি।

সূত্রঃ- Tiscali.Co.UK; YouTube.Com

৪ঠা জুলাই

ছাত্রসমাজের ক্রমবর্ধমান ঋণগ্রস্ততার বিরুদ্ধে মিছিলে পা মেলাল নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ছাত্র ছাত্রীরা। নিউজিল্যান্ড ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে ৯০% এরও বেশি ছাত্র ছাত্রী কে পূর্ণ সময় পড়াশোনার করার সাথে সাথে কাজ করতে তো হয়ই, উপরন্তু ছাত্র জীবনের সাধারণ প্রয়োজনগুলো কে মেটাবার তাগিদে তারা বিশাল পরিমাণ অর্থ ব্যাঙ্ক লোন, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে ধার নিতে বাধ্য হয়। সংগঠনের দাবী যে বর্তমান শিক্ষাব্যাবস্থার চব্বিশ বছরের থেকে কমবয়সী ছাত্রদের স্বনির্ভরতার মাপকাঠি বাতিল করা হোক এবং সকলের জন্য সাধারণ ভাতা ব্যবস্থা চালু করা হোক।

ছাত্রছাত্রীদের বক্তব্য যে তাদের ১০ বিলিয়ন ডলার (৪৫০০০ কোটি টাকা) পরিমাণ দানবাকার ঋণ ডিগ্রি অর্জন করার বহুবছর পরও ঘাড়ে বোঝা হয়ে চেপে বসে থাকছে। শুধু তাই নয়। ছাত্র ছাত্রীদের ঋণগ্রস্ততা প্রতিবছর অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। NZUSA এর পল ফালুনের মতে প্রতি বছর ছাত্ররা ১ বিলিয়ন ডলার করে অতিরিক্ত ঋণের বোঝার তলায় এসে পড়ছে। এই অস্বাভাবিক বৃদ্ধি ছাত্রসমাজের ভারসাম্য কে ক্ষতি করছে।

সূত্রঃ- TVnz.Co.NZ; 3News.Co.NZ [+ a short clip]

No Comments Yet »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.